২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেশিনগান চালাবে রোবট

মেশিনগান চালানোর ক্ষমতাসম্পন্ন রোবট তৈরি করছে মার্কিন বাহিনী। জানা গেছে, রোবটটি প্রায় ৫শ’ ফুট দূর থেকে লক্ষ্যভেদ করতে পারবে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 07:22 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, পরিকল্পনামাফিক রোবটটি নির্মিত হলে প্রথমবারের মতো মাটিতে কোনো রোবট অস্ত্র নিয়ে যুদ্ধ করবে। সম্প্রতি উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সামনে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট বেনিং-এ চারটি প্রতিষ্ঠান নির্মিত এ ধরনের অস্ত্রসজ্জিত রোবটের একটি পরীক্ষামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

সামরিক বাহিনীতে বহুদিন ধরেই রোবটের ব্যবহার রয়েছে। বিশেষত বোমা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে বহুদিন ধরেই রোবট ব্যবহৃত হচ্ছে মার্কিন বাহিনীতে।

এম-২৪০ মেশিনগান চালানো যে রোবটটিকে পরীক্ষামূলকভাবে আনা হয়েছিল, সেটির নাম প্রোটেক্টর। এর আগে ওই রোবটগুলো রাস্তায় এবং গুরুতর কোনো পরিস্থিতিতে ব্যবহৃত হত। ৫০০ পাউন্ড ওজনের রোবটটির গতিবেগ ঘণ্টায় পাঁচ মাইল।

প্রোটেক্টরকে প্রায় ৩৩০০ ফিট দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্য নিয়ন্ত্রণ করতে পারবে সৈন্যরা। আর প্রায় ৫৯০০ ফিট দূরে গোলাবারুদ ছুড়তে পারবে।

বিশেষজ্ঞরা আরও জানান, রোবট সামরিক বাহিনীতে কিছুদিনের মধ্যেই মানুষের স্থান দখল করতে যাচ্ছে। সেক্ষেত্রে ১০ জন মানুষের বদলে একজন রোবটই যথেষ্ট। তবে এ বিষয়ে রোবট নির্মাতা আইরোবট এবং ফাইভ-ডি কোনো মন্তব্য করেনি।