গোপন তথ্য রাশিয়ায় নেননি স্নোডেন
মার্কিন গোয়েন্দাতথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেন জোর দিয়ে বলেছেন, জুন মাসে হংকং থেকে মস্কোতে পালিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের কোনো তথ্য রাশিয়ায় পাচার করেননি তিনি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্নোডেন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, হংকংয়ের সাংবাদিকদের হাতে তিনি সব কাগজ তুলে দিয়েছিলেন এবং তার কাছে কোনো কপিই রাখেননি। তাছাড়া কোনো গোপন তথ্য চীনেও চালান করেননি বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা সংস্থার জন্য কাজ করতেন স্নোডেন। যুক্তরাষ্ট্র বিচারের জন্য স্নোডেনকে চাইলেও রাশিয়া সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। রাজনৈতিক আশ্রয় চাইলে রাশিয়া তাকে পরিবর্তে এক বছরের ভিসা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রকে স্নোডেন জানান, তিনি কোনো তথ্য নিয়ে আসেননি। কয়েকজন গবেষকের ধারণা, স্নোডেন কাজ করতেন চীনের জন্য। আবার অনেকের মতে, রাশিয়ার হয়ে কাজ করতেন তিনি।
তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে স্নোডেন বলেন, “রাশিয়া এবং চীন যে আমার কাছ থেকে কোনো গোপন তথ্য পায়নি, তা আমি নিশ্চিত করে বলতে পারি।”
স্নোডেন আরও জানান, এনএসএতে যখন তিনি কাজ করতেন, তখন তার কাজ মূলত ছিল চীন নিয়ে। আর ওই প্রকল্পের সব তথ্য যে চীন থেকে গোপন রয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত।
