বন্ধ হচ্ছে আইএসওহান্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক আদালতের নির্দেশে বন্ধ হচ্ছে পাইরেসির দায়ে অভিযুক্ত ওয়েবসাইট আইএসওহান্ট।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ওয়েবসাইটটির কানাডিয়ান স্বত্বাধিকারী গ্যারি ফাং মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকাকে (এমপিএএ) ক্ষতিপূরণ হিসেবে ১১ কোটি ডলার দিতে রাজি হয়েছেন।
এমপিএএর চেয়ারম্যান ক্রিস ডড তার প্রতিক্রিয়ায় জানান, এ বিষয়টি বৈধ অনলাইন ব্যবসার ক্ষেত্রে একটি বড় অর্জন।
অভিযুক্ত ওয়েবসাইটটির স্বত্বাধিকারী গ্যারি ফাং এক ব্লগ পোস্টে বলেন, “আমার শিশুর চলে যাওয়া দুঃখের।”
ডিজনি, প্যারামাউন্ট ও টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের মতো মুভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আইএসওহান্টের বিরুদ্ধে তাদের বহু মুভি ও টিভি প্রোগ্রামের কপিরাইট ভঙ্গের অভিযোগ করে। এ আইনগত যুদ্ধ চলে দীর্ঘ সাত বছর।
আদালতের নির্দেশে যুক্তরাজ্যে ব্লকড ওয়েবসাইট পাইরেট বের মতো আইএসওহান্টও নিজেরা পাইরেটেড কোনোকিছু ওয়েবসাইটে দিত না। তার বদলে ডিরেক্টরি সার্ভিসের মতো কাজ করত তারা। ফলে কোথা থেকে পাইরেটেড ফাইলটি ডাউনলোড করা যাবে, শুধু তা জানতে পারত ব্যবহারকারীরা।
