পাঠ্যবই বিতরণে ড্রোন
মানুষবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করে পাঠ্যবই বিতরণ করবে অস্ট্রেলিয়ার স্টার্টআপ জুকাল। ২০১৪ সাল থেকে অস্ট্রেলিয়ায় এই সেবা দিতে পারবে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিতে ছয়টি ড্রোন দিয়ে কাজ শুরু করবে জুকাল। ক্রেতার পছন্দনীয় স্থানে পাঠ্যবইগুলো পৌঁছে দেবে ড্রোনগুলো।
ক্যামেরার বদলে উড়ার সময় ড্রোনগুলো ‘অ্যান্টি-কোলিশান’ প্রযুক্তি ব্যবহার করে। ফলে গাছপালা, দালান-কোঠা উড়ন্ত পাখি এবং অন্যান্য সম্ভাব্য প্রতিবন্ধকতা এড়িয়ে দ্রুততম সময়ে পাঠ্যবই ক্রেতার কাছে পৌঁছে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠ্যবইবাহী ড্রোনগুলোর অভিযান শুরু হবে ২০১৫ সাল নাগাদ। এর মাধ্যমে জুকাল হতে যাচ্ছে পুরোপুরি বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রোন ব্যবহারকারী প্রথম প্রতিষ্ঠান।
ড্রোনটির অবস্থান চিহ্নিত করতে জুকাল আলাদা একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে, যা দিয়ে ক্রেতা পাঠ্যবইবাহী ড্রোনটির অবস্থার সম্পর্কে জানতে পারবেন। শুরুতে অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে অ্যাপটি।
ক্রেতার চাহিদামতো স্থানে পৌঁছানোর পর ড্রোনটি আদতে অবতরণ করবে না। এর বদলে ক্রেতা অ্যাপটির একটি বিশেষ বাটনে চাপলে আকাশ থেকেই পাঠ্যবইগুলো মাটিতে নামিয়ে দেবে ড্রোনগুলো।
নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে উড়বে ড্রোনগুলো। ২০১৪ সালের মার্চ মাসে পুরোপুরি বাণিজ্যিকভাবে কাজ শুরু করার লক্ষ্য রয়েছে জুকালের।
