২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিসঙ্গ গ্রহ

পৃথিবী থেকে আশি আলোকবর্ষ দূরে একটি গ্রহ আবিষ্কৃত হয়েছে। গ্রহটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না। এটি মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী দূরবীন যন্ত্র প্যান-এসটিএআরআরএস (পিএস১)-এর মাধ্যমে গ্রহটিকে প্রথম আবিষ্কার করা হয়।

নিসঙ্গ এ গ্রহটির নাম দেওয়া হয়েছে, পিএসও জে৩১৮.৫-২২। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটি প্রায় এক কোটি বিশ লাখ বছর পুরনো এবং এর ভর বৃহস্পতির চেয়ে ছয়গুণ বেশি।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ হাওয়াই অ্যাট মানোয়ার ইন্সটিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক মাইকেল লিউ জানিয়েছেন, তিনি মাঝেমধ্যেই চিন্তা করতেন, মহাশূন্যে এ রকম নিসঙ্গ বস্তু রয়েছে কি না। এখন তারা নিশ্চিত যে, এ রকম বস্তু রয়েছে।

লিউ বলেন, “আমরা এর আগে কখনও এমন কোনো গ্রহ দেখিনি, যা মহাশূন্যে নিঃসঙ্গ ভেসে বেড়াচ্ছে। এ গ্রহটির মধ্যে অন্যান্য গ্রহের সব বৈশিষ্ট্যই বিরাজমান, শুধু এর কোনো নক্ষত্র নেই, এটি একাকী ভেসে বেড়াচ্ছে এটিই পার্থক্য।”

অন্যদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর অ্যাস্ট্রোনমির নিয়াল ডিয়াকন এক বিবৃতিতে জানিয়েছেন, যেহেতু পিএসও জে৩১৮.৫-২২ কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না, সেহেতু আমাদের এটি সম্পর্কে জানতে আরও সুবিধা হবে।