নোবেল প্রাপ্তির সংবাদমাধ্যম টুইটার
নোবেল শান্তি পুরস্কার কমিটি এ বছর পুরস্কারের প্রচার মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে করেছে। ২০১৩ সালে শান্তিতে নোবেল পেয়েছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিকাল ওয়েপনস (ওপিসিডব্লিউ)।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুক্রবার সকালে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটি বিষয়টি পুরস্কার ঘোষণার ২০ মিনিট পরে টুইটারের মাধ্যমে সংগঠনের টুইটার অ্যাকাউন্টে জানায়। কিছুক্ষণ পর নোবেল কমিটি আরেকটি টুইটের মাধ্যমে জানায়, তারা এখনও সংগঠনটির কাছ থেকে কোনো পাল্টা টুইট পাননি।
এর কয়েক ঘণ্টা পরেই ওপিসিডব্লিউ নোবেল কমিটিকে নিশ্চিত করে যে, তারা সুখবরটি পেয়েছেন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের মালালা ইউসুফজাই গণমাধ্যমে এগিয়ে থাকলেও পুরস্কারটি ওপিসিডব্লিউ পায়। বিষয়টি জানার পর মালালা তার টুইটার অ্যাকাউন্ট থেকে সংগঠনটিকে অভিনন্দন জানান।
শান্তিতে নোবেল পাওয়ার তালিকায় ওপিসিডব্লিউ ২২তম সংগঠন। নোবেল প্রাইজ অর্গানাইজেশন তাদের টুইটে লিখেছে, সংগঠনটি সম্প্রতি সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনার জন্য নয় বরং এর রাসায়নিক অস্ত্র পরিত্যাগ করানোর জন্য ব্যাপক প্রচেষ্টা এবং এর দীর্ঘদিনের কাজের জন্য পুরস্কারটি পেয়েছে।
