গুগল সার্চে টিভি অনুষ্ঠানসূচি
জনপ্রিয় টিভি শোগুলোর খবর জানাতে সার্চ ইঞ্জিন গুগলে যুক্ত হচ্ছে নতুন সেবা। এতে বিভিন্ন দেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠানের খবর আগাম জানা যাবে।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, টেলিভিশনের জনপ্রিয় পর্বগুলোর আগাম খবর জানাতে কাজ শুরু করেছে গুগল। এতে গুগল সার্চ থেকে জানা যাবে কখন কোন সিরিয়ালের পর্ব প্রচারিত হবে।
গুগলের সার্চ বক্সে কোনো টিভি শো সম্পর্কে জানতে শুধু সিরিয়াল বা সিজনটির নাম যেমন ‘ডেক্সটার’ লিখে সার্চ করলে কখন থেকে এটি শুরু হয়েছে, এর পর্বের সংখ্যা কত, কখন কোন পর্ব প্রচারিত হয়েছে এসব খবর জানা যাবে।
এছাড়া কোনো পর্বের খবর ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) সাইটের সাহায্যে তথ্য জানাবে গুগল। তাতে জানা যাবে, বিভিন্ন সিজনের থিম সং, কেন্দ্রীয় চরিত্র, কততম পর্ব-- এসব নিয়ে বিস্তারিত তথ্য।
নতুন এ সেবা টেলিভিশন ফ্যানদের চাহিদা পূরণ করবে বলে জানিয়েছে গুগল। এতে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিযোগিতা বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
