২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে শিশু উত্যক্ত বাড়ছেই

সামাজিক যোগাযোগ সাইটগুলোতে অল্পবয়সীদের নিগ্রহের ঘটনা আগের চেয়ে বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 05:37 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দাতব্য সংস্থা ডিচ দ্য ল্যাবেল-এর মতে ১৩ থেকে ২২ বছর বয়সী দুই-তৃতীয়াংশেরও বেশি তরুণ অনলাইনে উত্যক্তের শিকার হচ্ছে। তাদের প্রতি পাঁচজনের একজন ব্যাপকভাবে নিগৃহীত হয়েছে।

দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা লিয়াম হ্যাকেট বলেন, “এটি অল্পবয়সী ছেলেমেয়েদের উপর মারাত্মক প্রভাব ফেলছে এবং এসব ঘটনার কথা পড়াটাও হৃদয়বিদারক।”

হ্যাকেট জানিয়েছেন, এসব নিগ্রহের ঘটনা দিন দিন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে এবং প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ এর শিকার হচ্ছে।

দাতব্য সংস্থাটি অনলাইন কমিউনিটি এবং গেইম প্ল্যাটফর্ম হ্যাব্বো হোটেলের সাহায্যে এ জরিপ করেছে। জরিপে মূলত ১৩ বছরের বেশি বয়সী তরুণদের মতামত নেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী ফেইসবুক, আস্ক ডটএফএম এবং টুইটার এসব নিগ্রহের কেন্দ্র।

এ বছরের প্রথম দিকে ১৪ বছর বয়সী হান্নাহ স্মিথ আত্মহত্যা করে। তার বাবা জানিয়েছেন, তাকে আস্কডটকম থেকে আপত্তিকর বার্তা পাঠানো হয়েছিল। ২০১২ সালের অক্টোবরে কানাডার অধিবাসী অ্যামান্ডা টড অনলাইনে নিগৃহীত হওয়ার পর আত্মহত্যা করে।

সম্প্রতি যুক্তরাজ্যের শিশুদের নির্মমতা প্রতিরোধ সোসাইটি (এনএসপিসিসি) প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত বছর ১১ থেকে ১৬ বছর বয়সী শতকরা ২০ ভাগ শিশু অনলাইনে আপত্তিকর মেসেজসহ নানাভাবে নিগৃহীত হয়েছে।