বিজ্ঞাপনমুক্ত ইন্টারনেট আনবে অ্যাডট্র্যাপ
অনলাইনে বিজ্ঞাপন বিড়ম্বনা দূর করতে অ্যাডট্র্যাপ নামে এক ডিভাইস বানিয়েছেন শাদ রাসেল ও চার্লস বুটকুস নামের দুই প্রযুক্তিবিদ।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাডট্র্যাপ ব্যবহারে অনলাইনে পত্রিকা পড়া থেকে শুরু করে মুভি দেখতে কোনো পেইজেই বিজ্ঞাপন দেখা যাবে না।
থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেটে বিজ্ঞাপন ব্লক করবে অ্যাডট্র্যাপ নামে সাদা ছোট আকৃতির বহনযোগ্য এ ডিভাইস। ডিভাইসটি ব্যবহারে বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হবে না। মডেম বা রাউটারের সঙ্গে ডিভাইসটি যুক্ত করে যে কোনো জায়গায় অনলাইন বিজ্ঞাপন ব্লক করে দেওয়া যাবে।
এছাড়া ওয়াইফাই সংযোগেও অ্যাডট্র্যাপ ব্যবহার করা যাবে। নির্মাতাদের ধারণা, ডিভাইসটি বিজ্ঞাপন ছাড়া ইন্টারনেট ব্যবহারের আনন্দকে বাড়িয়ে দেবে।
অনলাইনে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ হলে ম্যালওয়্যারের আক্রমণ থেকে ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে ব্যবহৃত কম্পিউটারে ব্যক্তিগত তথ্য চুরি বন্ধ হবে বলে জানিয়েছে নির্মাতারা।
এ প্রকল্পে অর্থায়নে সহযোগিতা করেছে সৃজনশীল কাজে অর্থায়নে বিশ্বের সবচেয়ে বড় ফান্ডিং প্ল্যাটফর্ম কিকস্টার্টার।
অ্যাডট্র্যাপ ওয়েবসাইট ছাড়াও অনলাইন স্টোর বেস্ট বাই ও কস্টকো থেকেও ডিভাইসটি সংগ্রহ করা যাবে।
ডিভাইসটির দাম ১৪০ ডলার হবে বলে জানিয়েছে ম্যাশএবল।
