রেকর্ড মুনাফার পূর্বাভাস স্যামসাংয়ের
বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন এবং টেলিভিশন নির্মাতা স্যামসাং ইলেক্ট্রনিক্স জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে তাদের রেকর্ড পরিমাণ মুনাফার পূর্বাভাস দিয়েছে।
সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত প্রান্তিকে তারা ৯৪০ কোটি ডলার লাভের আশা করছে, যা কিনা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২৫ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের বিশ্লেষক অ্যান্ড্রু মিলরয় বলেন, “কোম্পানির প্রবৃদ্ধির হার বিস্ময়করভাবে বাড়ছে। আগে মনে করা হয়েছিল, এর বৃদ্ধির হার অন্যান্য সস্তা মোবাইল ফোন নির্মাতাদের ফলে ব্যাহত হবে, কিন্তু এখনও সে সময় আসেনি।”
গ্যালাক্সি রেঞ্জের স্মার্ট ফোনগুলোই স্যামসাংকে বিশ্ববাজারে নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, কোম্পানিটির কম খরচ এবং দীর্ঘস্থায়ী বাজার পরিকল্পনা খুব ভালোভাবে কাজ করেছে।
এর কম খরচে বানানো স্মার্টফোনগুলো ভারতীয় এবং চীনের গ্রাহকদের কাছে অসম্ভব জনপ্রিয়।
গত মাসে স্যামসাং বাঁকানো স্ক্রিনের হ্যান্ডসেট বাজারজাত করার পরিকল্পনা প্রকাশ করেছে। এ বছরের জানুয়ারি মাসে তারা বাঁকানো বড় পর্দার বিভিন্ন প্রটোটাইপ পণ্য এনেছে। কিন্তু এই প্রযুক্তি সবার জন্য কীভাবে সস্তায় এবং নির্ভরযোগ্যভাবে তৈরি হবে তা নিয়ে বাজার বিশ্লেষকদের সন্দেহ রয়েছে।
প্রতিষ্ঠানটি গত মাসে গ্যলাক্সি গিয়ার রঙিন স্ক্রিনবিশিষ্ট একটি স্মার্ট ওয়াচ বাজারজাত করেছে, যাতে ভয়েস কল, অ্যালার্ট এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।
