ফটো স্ট্রিমে বিজ্ঞাপন দেবে ইন্সটাগ্রাম
ওয়েবসাইটে পোস্ট করা মার্কিন ব্যবহারকারীদের ছবির অ্যালবামে বিজ্ঞাপন প্রচার শুরুর পরিকল্পনা করেছে ফটো শেয়ারিং সার্ভিস ইন্সটাগ্রাম। এই সাইটে অ্যালবামগুলোকে ফটো স্ট্রিম বলা হয়।
সংবাদ সংস্থা বিবিসিকে এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাসের মধ্যেই এসব বিজ্ঞাপন প্রচার শুরু হবে।
ওয়েবসাইটের এক পোস্টে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, “ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে। ইন্সটাগ্রামকে এক ফলপ্রসূ ব্যবসায় পরিণত করা তারই একটি অংশ।”
ফেইসবুক ১০০ কোটি ডলারের বিনিময়ে ইন্সটাগ্রামকে কিনে নিয়েছিল, কিন্তু তাতেও কোনো মুনাফা করতে সক্ষম হয়নি তারা।
বছরের প্রথমে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্সটাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম জানান, “ইন্সটাগ্রামকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে।”
সামাজিক মিডিয়ার বিজ্ঞাপনগুলো আমেরিকায় খুব কার্যকর ব্যবসা। গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারে প্রকাশিত এক তথ্যে দেখা যায়, বিশ্বব্যাপী বিজ্ঞাপনদাতারা বছরে ৯৫০ কোটি ডলার ব্যয় করেন সামাজিক সাইটগুলোর বিজ্ঞাপনের পেছনে।
