বজ্রপাতেই মোবাইল চার্জ
বজ্রপাত থেকে পাওয়া শক্তি ব্যবহার করে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি নিয়ে গবেষণা করছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ও মোবাইল ফোন নির্মাতা নোকিয়া।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, কম বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত এলাকায় বজ্রপাত ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করলে বিদ্যুতের উপর নির্ভরতা কমে আসবে।
এ গবেষণায় ব্যবহৃত হয় একটি ট্রান্সফরমার। ওই ট্রান্সফরমারের মাধ্যমে বিজ্ঞানীরা দুই লাখ ভোল্টের ১২ ইঞ্চিব্যাপী কৃত্রিম বজ্রপাত তৈরি করেছেন।
গবেষক নিল পলমার বলেন, “নোকিয়া ফোন এ বিক্ষিপ্ত কণাকে শৃঙ্ক্ষলাবদ্ধ করে ব্যাটারি চার্জ করতে সক্ষম হয়েছে।”
ভবিষ্যতের জন্য এ প্রযুক্তি আশাব্যঞ্জক হলেও এখনই এ নিয়ে সাধারণ মানুষকে গবেষণা করতে নিরুৎসাহিত করেছেন বিজ্ঞানীরা। কারণ যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া বজ্রপাত খুবই বিপজ্জনক ও প্রাণহানীকর।
