‘ওয়াটপ্যাড’ এখন বৃহত্তম লেখক কমিউনিটি
এক কোটি ৮০ লাখ পাঠক ও লেখকের পদচারণায় মুখর অনলাইনের সর্ববৃহৎ ও সক্রিয় কমিউনিটি ‘ওয়াটপ্যাড’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ২০০টি দেশ থেকে ৩০টি ভাষায় প্রতি সেকেন্ডে কমপক্ষে একটি ছোটগল্প বা ই-বুক আপলোড করা হয় সাইটটিতে।
ওয়াটপ্যাডকে এখন পর্যন্ত বিশ্বে সক্রিয় লেখকদের সবচেয়ে বড় সোশাল সাইট বলে বিবেচনা করা হয়। এতে সাধারণ ও পেশাদার উভয় ধরনের লেখক নিয়মিত তাদের লেখা আপলোড করেন। সেগুলো শেয়ার করার বিভিন্ন অপশন ছাড়াও মোবাইলে অ্যালার্ট সিস্টেম রয়েছে।
বিশেষ কোনো লেখকের নিবন্ধ পেতে অ্যালার্ট সার্ভিস চালু করলে আপলোড করার সঙ্গে সঙ্গে পাঠকের মোবাইল ফোনে মেসেজ চলে যায়। পাঠক ও লেখকরা মাসে ৪৫০ কোটি মিনিট সাইটিতে ভিজিট করেন বলে জানিয়েছে ওয়াটপ্যাড।
ওয়াটপ্যাডে ফিকশন গল্পের পাঠকের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে। এদিকে পাঠকদের পছন্দের দিকে বিবেচনা করে লেখকরাও সমানতালে আপলোড করছেন মজার সব গল্প। এ পর্যন্ত সাইটটিতে আপলোড করা এ রকম গল্পের সংখ্যা ৭৫ লাখ।
২০১২ সালে পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা গেছে আমেরিকার প্রতি পাঁচজনে একজন ইবুক পড়েন। এ ছাড়া ওয়াটপ্যাডের ৮০ ভাগই ব্যবহার করেন স্মার্টফোন থেকে। ডেস্কটপ, ল্যাপটপ, আইওএস, অ্যান্ড্রয়েড ও কিন্ডল থেকে ২০ লাখ মানুষ ওয়াটপ্যাডে পোস্ট করেন।
অগাস্টে ওয়াটপ্যাডে একশ’ কোটির বেশি গল্প অনলাইনে পড়া হয়েছে।
২০০৬ সালে কানাডিয়ান বইপ্রেমী অ্যালেন ল্যাউ নিজের স্মার্টফোনে বই পড়ার জন্য গবেষণা শুরু করেন। এ জন্য মোবাইলের অ্যাপ নির্মাতা আইভ্যান ইউয়েনের সঙ্গে পোস্ট শেয়ারিং ও বই পড়ার সাইটটি তিনি তৈরি করেন।
অনেক লেখক এখন সানন্দে তাদের লেখা বই আকারে প্রকাশ হওয়ার আগেই সাইটটিতে পোস্ট করেন। এতে অনেক সময় প্রকাশকরাই পছন্দের লেখা বই আকারে প্রকাশের আগ্রহ প্রকাশ করেন। ফলে লেখক ও প্রকাশকের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি ছাড়াও নতুন লেখক বাড়ছে।
