২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ লাখ বটনেট কব্জা করল সিমেনটেক

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক ১৯ লাখ জিরোঅ্যাকসেস বটনেট নামে ক্ষতিকর প্রোগ্রাম আক্রান্ত কম্পিউটারের মধ্যে পাঁচ লাখ বিকল করতে সক্ষম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 03:20 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই পাঁচ লাখ বটনেট সংক্রমিত কম্পিউটার সাইবার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ছিল।

এ কম্পিউটারগুলোকে বলা হচ্ছে জোম্বি কম্পিউটার। এগুলো শুধু বিজ্ঞাপন, অনলাইন কারেন্সি ধোঁকাবাজি এবং অন্যান্য কম্পিউটারে ভাইরাস সংক্রমণে ব্যবহৃত হত।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে, তারা যে পদক্ষেপটি নিয়েছে, তা খুব অল্পসময়েই আবার কাটিয়ে উঠতে পারে সাইবার অপরাধীরা। এ ধরনের অপরাধের পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি বলেই জানিয়েছে সিমেনটেক।

জিরোঅ্যাকসেস প্রধানত এমন একটি নেটওয়ার্ক, যা মাউস ক্লিকে অর্থ প্রদান বা এ ধরনের অবৈধ লেনদেন এবং ধোঁকাবাজির সঙ্গে জড়িত। এ প্রসঙ্গে সিমেনটেক সিকিউরিটির অপারেশন ম্যানেজার ওরলা কক্স জানিয়েছেন, তারা এ নেটওয়ার্কটির চার ভাগের একভাগ বিকল করে দিয়েছেন।