এনএসএ-র ‘কালো হাত’ ঠেকাবেন ম্যাকাফি
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) যেন ইন্টারনেটে প্রকাশিত ব্যক্তিগত তথ্য পড়তে না পারে সে জন্য সম্প্রতি ১০০ ডলার মূল্যের গ্যাজেট তৈরির পরিকল্পনা করেছেন ম্যাকাফি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাকাফি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি ‘দি-সেন্ট্রাল’ নামে এই গ্যাজেটটি বানানোর পরিকল্পনা করেছেন।
যন্ত্রটি দিয়ে এনএসএর ব্যক্তিগত তথ্য পর্যবেক্ষণ কার্যকরভাবে প্রতিহত করা যাবে বলে জানিয়েছেন তিনি।
ম্যাকাফি জানান, এই ১০০ ডলার মুল্যের যন্ত্রটি স্মার্টফোন এবং অন্যান্য যন্ত্রে ব্যবহারের ফলে কোনো স্মার্টফোন মালিককে সনাক্ত করা সরকারের পক্ষে সম্ভব হবে না।
ম্যাকাফি বলেন, “এটি ব্যবহারের ফলে আপনি কে আর কোথায় আছেন, তা আর (সরকারের জন্য) বের করার কোনো উপায় থাকল না।”
এই যন্ত্রটি নিজস্ব নেটওয়ার্ক তৈরি করবে এবং সেখানে অন্য কারও প্রবেশাধিকার ঠেকানো সম্ভব হবে।
যন্ত্রটি বাজারে আসার তারিখ সম্পর্কে এখনও নির্দিষ্ট করে বলেনি প্রতিষ্ঠানটি। তবে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোলাকার এই যন্ত্রটি আগামী ছয় মাসের মধ্যে তৈরি হয়ে যাবে।
