কিছু হারাতে দেবে না লিংকুয়িট
ক্লাউডভিত্তিক লিংকুয়িট ট্রাকিং অ্যাপ ব্যবহারে আর হারাবে না স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার বা মানিব্যাগ। এ জন্য স্রেফ আলাদা ট্র্যাকিং কার্ড ব্যবহার করতে হবে।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ট্র্যাকিং কার্ডটির পাশাপাশি অ্যান্ড্রয়েড বা আইফোনে একটি অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় ডিভাইস, ছোট শিশু এমনকি পোষা প্রাণীকেও রাখা যাবে নজরবন্দি করে।
এ জন্য নজরবন্দি করতে ইচ্ছুক বস্তুতে সাদা একটি ছোট ট্যাগ লাগাতে হবে। ট্যাগটির সাইজ হবে ২৫ সেন্ট কয়েন বা তার চেয়ে ছোট। যেটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে সংযুক্ত থাকবে।
ট্র্যাকিং করা কোনোকিছু নির্দিষ্ট দূরত্বের বাইরে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে উঠবে। মানিব্যাগ, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ বা গুরুত্বপূর্ণ গ্যাজেটে নজরদারি করতে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত ট্যাগটি ব্যবহার করতে হবে।
বিভিন্ন জিনিসের জন্য আলাদা অ্যালার্ম টোন সেট করা যাবে। এতে স্মার্টফোন ভুলে কোথাও রেখে আসলে নির্দিষ্ট অ্যালার্মটি বেজে উঠবে। এতে কতটুকু দূরত্বে স্মার্টফোন রাখা আছে তা-ও শনাক্ত করা যাবে।
হারানো কিছু খুঁজে পেতেও অ্যাপটি সহায়তা করবে। এতে ভুল করে কোথাও কিছু রেখে আসার পর আবার তার কাছাকাছি স্মার্টফোন নিলে অ্যালার্ম বাজতে থাকবে। এতে কিছুক্ষণ চারপাশ খুঁজলে তা বের করা সম্ভব।
ডিসেম্বর থেকে ট্যাগগুলো বাজারজাতকরণ শুরু হবে। প্রতিটির জন্য মাসে দিতে হবে তিন ডলার। চারটি লিংকুয়িট ট্যাগের জন্য দিতে হবে ১০ ডলার এবং ১০টি ট্যাগের জন্য দিতে হবে ২০ ডলার।
