বলমারের বিদায়
৩৩ বছরের পেশাজীবনের ইতি টানতে যাচ্ছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ বলমার।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের ফেয়ারওয়েল অনুষ্ঠানে হাজারো সহকর্মীর কাছ থেকে আবেগ ও কান্নাজড়িত কণ্ঠে বিদায় নেন বলমার।
সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মাইক্রোসফটের সিইও পদ থেকে সরে দাঁড়ালে ২০০০ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান পদে আসেন বলমার। অবশ্য সে সময় থেকে বিল গেটস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে আছেন।
বলমারের নেতৃত্বে মাইক্রোসফটের বার্ষিক আয় ২৫ বিলিয়ন থেকে ৭০ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ওই সময়ে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন ও এইটের মতো বাজারসফল অপারেটিং সিস্টেমের পাশাপাশি উইন্ডোজ মিলেনিয়াম এবং ভিসতার মতো অসফল রিলিজও এসেছে বলমার প্রতিষ্ঠান প্রধান থাকা অবস্থায়।
মাইক্রোসফটের কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি। স্থানীয় একটি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলমার হলুদ টিশার্ট পড়ে স্টেজে ওঠেন। এ সময় তার ফর্সা সাদা চেহারা লাল হয়ে উঠে, কণ্ঠেও ছিল বিদায়ের করুণ সুর।
মঞ্চে দাঁড়িয়ে তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাইক্রোসফট আমার কাছে সন্তানের মতো। ঘর ছেড়ে সন্তান চলে যেতে পারে। এখন আমি নিজেই চলে যাচ্ছি। আমার পেশাজীবনের দীর্ঘসময় মাইক্রোসফটের সঙ্গে কেটেছে। মাইক্রোসফটের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি।”
১৯৮০ সালে মাইক্রোসফটে ৩০তম কর্মী হিসেবে যোগ দেন বলমার। এ বছরের অগাস্টে মাইক্রোসফট জানায় আগামী ১২ মাসের মধ্যে বলমার অব্যাহতি নিচ্ছেন। এরই মধ্যে সিইও পদের জন্য যোগ্য লোক খুঁজতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
