২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাচ জয়স্টিক আনল ভালভ

যুক্তরাষ্ট্রের বেলভিউভিত্তিক ভিডিও গেইমস নির্মাতা প্রতিষ্ঠান ভালভ কিছুদিন আগেই বাজারে এনেছিল নতুন গেইমিং কনসোল ‘স্টিম’। এবার তারা নিয়ে এল স্টিমের জন্য ডুয়াল ট্র্যাকপ্যাডস এবং টাচস্ক্রিন প্রযুক্তির জয়স্টিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 05:26 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তির এ জয়স্টিকটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ডুয়াল-ট্র্যাকপ্যাড জয়স্টিকটির মধ্যবর্তী স্থানে টাচস্ক্রিন রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জয়স্টিকটির মাধ্যমে তাদের গেইমিং কনসোল স্টিমের জন্য নির্মিত বিভিন্ন গেইমস খেলা যাবে। পুরনো এবং নতুন দুই ধরনের গেইমেই ব্যবহার করা যাবে জয়স্টিকটি।

নতুন এ জয়স্টিক আনার আনুষ্ঠানিক বিবৃতিতে ভালভ জানিয়েছে, শুধু কিবোর্ড এবং মাউস দিয়েই গেইম খেলা যায়, এ ধারণা দিয়ে আমরা পুরনো গেইমগুলোকে বোকা বানিয়েছি!

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যেসব গেইম আগে শুধু কিবোর্ড এবং মাউস দিয়ে খেলা যেত, এখন তা সোফায় বসেই খেলা যাবে। এছাড়া ফার্স্ট পার্সন শুটিং গেইম আরও ভালোভাবে খেলার জন্য ট্র্যাকপ্যাডে হাই রেজুলিউশন এবং পজিশন কন্ট্রোল যোগ করা হয়েছে।

সাধারণ জয়স্টিকে ১৬টি বাটন থাকে। ফলে গেইমারকে গেইম এবং জয়স্টিক দুদিকেই খেয়াল রাখতে হয়। কিন্তু জয়স্টিকে টাচস্ক্রিন প্রযুক্তির ফলে গেইমার গেইমে আরও বেশি মনোযোগ দিতে পারবে, এমনটাই জানিয়েছে ভালভ।