ইয়াহু আইডি রিসাইকেলে বিপাকে পুরনোরা
ইন্টারনেট জায়ান্ট ইয়াহু ঘোষণা দিয়েছিল, একবছর লগ ইন করা হয়নি, এমন ইয়াহু ইমেইল আইডি তারা বাতিল করবে এবং সেটি অন্যরা নিয়ে নিতে পারবে। কিন্তু এখন এ কারণে নানারকম সমস্যায় পড়ছেন গ্রাহকরা।
সংবাদমাধ্যম বিবিসি সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহুর এ পদক্ষেপের ফলে এক ব্যক্তির ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির কাছে চলে যাচ্ছে।
একই নামে নতুন আইডি খোলায় এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে বিবিসিকে টম জেংকিনস নামে একজন আইটি বিশেষজ্ঞ জানিয়েছেন, তার নতুন খোলা ইমেইল আইডিতে তিনি আগের মালিকের গুরুত্বপূর্ণ ইমেইল, ফেইসবুকসহ বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং তাদের শিশুদের নানারকম তথ্য পেয়েছেন।
এ বিষয়ে ইয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, তারা বছরখানেক পড়ে থাকা অচল আইডি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি অচল ইমেইল আইডির মালিকদের বিভিন্নভাবে বিষয়টি জানানোর চেষ্টা করেছেন। তিনি আরও জানিয়েছেন, তারা এ কাজটি করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলেন।
ইয়াহু এখন এ সমস্যার সমাধানে নতুন একটি পদক্ষেপ নিচ্ছে। তারা ইমেইল আইডিতে ‘নট মাই ইমেইল’ নামে একটি ফিচার সংযুক্ত করতে যাচ্ছে।
