২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপন নীতি পাল্টাল ফেইসবুক

বিজ্ঞাপনী নীতিমালা পরিবর্তন করছে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। এতে ব্যবহারকারীর অপছন্দের বিজ্ঞাপনগুলোকে রেটিং করবে ফেইসবুক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ১১৫ কোটি ফেইসবুক ব্যবহারকারীর কেউ ফেইসবুকে কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বা নিয়মিত হাইড করে রাখলে তা কম দেখাবে ফেইসবুক কর্তৃপক্ষ।

ফেইসবুকের মোট আয়ের ৮৫ ভাগই আসে বিজ্ঞাপন থেকে। ফেইসবুকের নিউজফিডে বিজ্ঞাপন দেয় বিশ্বের নামি প্রতিষ্ঠানগুলো। শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা টয়োটা, আমেরিকান মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটিও বিজ্ঞাপন দেয় ফেইসবুকে। এ ছাড়া বিভিন্ন দেশে আঞ্চলিক বিজ্ঞাপনও নিউজফিডে প্রদর্শিত হয়।

ফেইসবুক পেইজের ডানপাশে প্রদর্শিত কোনো বিজ্ঞাপন ব্যবহারকারী দেখতে না চাইলে তা হাইড করার অপশন আছে। বিজ্ঞাপনের পাশে ক্রস চিহ্নে ক্লিক করলে বিজ্ঞাপনটি পেইজ থেকে চলে যাবে। এভাবে ব্যবহারকারীদের ইচ্ছা-অনিচ্ছা যাচাই করে বিজ্ঞাপন প্রদর্শন করার কথা জানিয়েছে ফেইসবুক।

প্রযুক্তি ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টার রিসার্চের বিশ্লেষক ন্যাট ইলিয়ট জানান, ফেইসবুকের যেসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের আকর্ষণ করে না, সেগুলো বিরক্তির কারণ হতে পারে বিধায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া নিউজফিডে মানসম্মত বিজ্ঞাপন প্রদর্শনের পক্ষেও মত দেন তিনি।