ইবে মালিকানায় ব্রেইনট্রি
অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান ইবে অনলাইনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ব্রেইনট্রিকে কিনে নিয়েছে। ব্রেইনট্রি প্রতিষ্ঠানটি অনলাইনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ইবের মালিকানাধীন পেপালের প্রতিযোগী ছিল।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, প্রায় ৮০ কোটি ডলারে ব্রেইনট্রিকে কিনেছে ইবে।
অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেপাল যদিও আধিপত্য করছে, তারপরও ব্রেনট্রির মতো প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে পেপালের সঙ্গে। তবে ব্রেইনট্রিকে ইবের জন্য মোবাইল ফোন থেকে অর্থ পরিশোধ ব্যবস্থায় কাজে লাগানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইবের আয়ের ৪০ ভাগই আসে পেপাল থেকে, আর এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২ কোটি।
ইবের গ্লোবাল প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট হিল ফার্গুসন বলেছেন, “পেপালের মোবাইল অফারগুলোকে জোরদার করার উদ্দেশ্যে আরও কিছু প্রতিষ্ঠান কেনা হতে পারে।”
প্রযুক্তিগত অভিজ্ঞতা বাড়াতে মার্চে মোবাইল অ্যাপ ডেভেলপার ডাফ রিসার্চকে কিনেছে পেপাল। ইবের মতে এই বছরের শেষের দিকে শিকাগোভিত্তিক ব্রেনট্রির হস্তান্তর কাজ সম্পন্ন করতে পারবে প্রতিষ্ঠানটি।
