অ্যালগোরিদমে বড় পরিবর্তন এনেছে গুগল
টানা ৩ বছর পর সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমে বড় ধরনের পরির্বতন এনেছে সার্চ জায়ান্ট গুগল। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সার্চ ইঞ্জিন আপগ্রেডের খবর জানায় গুগল। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী হামিংবার্ড কোডনেইমের আপগ্রেডটি চালু হয়েছে প্রায় ১ মাস হল, ৯০ শতাংশ গুগল ব্যবহারকারী এর সুবিধা পাচ্ছেন।
নতুন আপগ্রেড নিয়ে বিস্তারিত কিছু না বললেও, বিভিন্ন জটিল অনুসন্ধানের কাজ সহজ করে দেবে হামিংবার্ড-- এমনটাই দাবি করেছে গুগল। বিশেষ করে স্মার্টফোনের মতো ডিভাইস থেকে ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের কাজটি অনেক সহজ করে দেবে নতুন আপগ্রেড।
গুগলের সার্চ ইঞ্জিনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল এ ব্যপারে বলেন, ‘হামিংবার্ড অনুসন্ধানকারীর অনুসন্ধানের শব্দগুলোর মধ্যেকার সম্পর্ক এবং মূল ধারণা আরও ভালোভাবে বুঝতে পারবে।’
