লাগেজ জ্যাকেট
বিমানের যাত্রীদের জন্য ‘লাগেজ জ্যাকেট’ তৈরি করেছে জ্যাকটুগো ডটকম নামের একটি প্রতিষ্ঠান।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকেটটিতে বিভিন্ন আকৃতির ১৪টি পকেট রয়েছে।
জ্যাকেটটিতে রাখা যাবে ট্যাবলেট কম্পিউটার থেকে আন্ডারওয়্যার পর্যন্ত প্রয়োজনীয় অনেককিছু।
বিভিন্ন বিমান সংস্থা ভ্রমণকারীদের কাছে আলাদা ব্যাগ বহন করার জন্য বাড়তি ফি আদায় করে। তবে জ্যাকেটটির বিভিন্ন পকেটেই প্রয়োজনীয় সরঞ্জাম ভরে নিলে ভ্রমণের সময় আলাদা ব্যাগ বহন করতে হবে না। ফলে আলাদা করে লাগেজের জন্য ফি দিতে হবে না বিমান কর্তৃপক্ষকে।
পানিরোধী উপাদানে তৈরি জ্যাকেটটি ব্যবহার করলে আলাদা লাগেজ ব্যবহারের প্রয়োজন হবে না। এটি কিনতে হবে জ্যাকটুগো ওয়েবসাইট থেকে। পুরুষ ও মহিলাদের জন্য ভিন্ন ডিজাইনে পণ্যটির দাম ধরা হয়েছে ৯৪ থেকে ৩১৯ মার্কিন ডলার।
