সংবিধান নিয়ে গুগলের সাইট
বিশ্বের ১৬০টি দেশের সংবিধান নিয়ে সোমবার সার্চ জায়ান্ট গুগল চালু করেছে নতুন ওয়েবসাইট কন্সটিটিউটপ্রজেক্ট ডটঅর্গ।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাইটটির নির্মাণ কাজ করেছে কম্প্যারেটিভ কন্সটিটিউট প্রজেক্ট। তবে এ প্রকল্পের তহবিল জোগান দিয়েছে গুগল।
সাইটটিতে রয়েছে বিশ্বের ১৬০টি দেশের সংবিধানের ডিজিটাল ভার্সন। সবার জন্য উন্মুক্ত সাইটটি থেকে বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম, রাজনৈতিক ব্যবস্থা, আইনব্যবস্থা ও নাগরিক অধিকার সম্পর্কে বিস্তারিত জানা যাবে সহজেই।
মূলত দুটি উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইটটি বানিয়েছে গুগল। প্রথমত, নতুন সংবিধান লেখার সময় অন্যান্য দেশের সংবিধান উদাহরণস্বরূপ ব্যবহার সহজ করে দেবে ওয়েবসাইটটি। দ্বিতীয়ত, নিজের দেশের আইনব্যবস্থা এবং অধিকার সম্পর্কে সহজেই জানতে পারবেন সাইটটির ব্যবহারকারীরা।
তবে ওয়েবসাইটটিতে এখনও অন্তর্ভুক্ত হয়নি বাংলাদেশ।
