ইরানে আবার ফেইসবুক বন্ধ
দেশের চলমান রাজনীতিকে অস্থির করতে পারে সন্দেহে ২০০৯ সাল থেকে সোশাল নেটওয়ার্ক সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার রাষ্ট্রীয়ভাবে বন্ধ ইরানে।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ইরানে সাইটগুলো হঠাৎ একদিন খোলা থাকলেও তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের কিছু ব্যবহারকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে দেশের বাইরের আইপির মাধ্যমে ফেইসবুক ও টুইটার ব্যবহার করে।
দেশটির নতুন প্রেসিডেন্ট হাসান রোহানি ইন্টারেনেটের উপর আরোপিত বিধিনিষেধকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। তারপর শনিবার সাইটগুলোতে অনানুষ্ঠানিকভাবে প্রবেশ করা যাচ্ছিল। তবে কারিগরি ত্রæটির কারণেই এ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
দেশটির সাধারণ মানুষ ফেইসবুক ও টুইটার ব্যবহার করতে না পারলেও শীর্ষ পদের কর্মকর্তারা এগুলো ব্যবহার করছেন। ইরানের অনেক নেতা সোশাল নেটওয়ার্ক সাইটে অ্যাকাউন্ট খুলছেন।
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি ফেইসবুক ও ইন্সটাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছেন। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হাসান রোহানি টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছে ম্যাশএবল।
