জিটিএর নতুন রেকর্ড
গ্র্যান্ড থেফট অটো ভি গেইমটি মুক্তি পাওয়ার প্রথম তিন দিনের মাথায়ই এটি রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম তিনদিনেই এটির বিক্রির পরিমাণ একশ’ কোটি ডলারে এসে পৌঁছেছে।
এর আগে কোনো ভিডিও গেইম বা সিনেমা বা বিনোদন সামগ্রী এত দ্রুত বিক্রি হয়নি বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান টেক টু ইন্টারঅ্যাকটিভ ইনকর্পোরেট। প্রথম দিনেই এর বিক্রি এসে দাঁড়িয়েছিল ৮০ কোটি ডলারে। তবে গ্র্যান্ড থেফট অটোর নতুন সংস্করণটিতে প্রচুর অ্যাডাল্ট কন্টেন্ট এবং যথেষ্ট সহিংসতার দৃশ্য রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এ পর্যন্ত ১৬ কোটি গেইমার গেইমটি কিনেছে, এমনটাই জানিয়েছে রয়টার্স। গ্র্যান্ড থেফট অটো ভি বর্তমানে প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেইমিং কনসোলের জন্য পাওয়া যাচ্ছে।
গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান এবং সনির প্লেস্টেশন ৪ গেইমিং কনসোলেও খেলার জন্য গেইমটির সংস্করণ নিয়ে আসবে তারা।
