আসছে ত্রিমাত্রিক স্ক্যানার
ত্রিমাত্রিক স্ক্যানার ও প্রিন্টার নির্মাতা মেকারবট জানিয়েছে, তাদের নতুন ত্রিমাত্রিক স্ক্যানারে কোনো বস্তু স্ক্যান করার পর থ্রিডি প্রিন্টারের মাধ্যমে তার হুবহু নকল তৈরি করা যাবে।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মেকারবট ডেস্কটপের জন্য ত্রিমাত্রিক স্ক্যানার ও তা প্রিন্ট করার জন্য রেপ্লিকেটর ডিভাইস তৈরি করেছে।
নিউ ইয়র্কের ব্রুকলিনে মেকারবটের প্রধান কার্যালয়ে ডিভাইস দুটি উদ্বোধন করা হয়েছে। ডুপ্লিকেটর ডিভাইস দিয়ে কোনো বস্তু স্ক্যান করার পর ত্রিমাত্রিক প্রিন্টারে তার অবিকল নকল তৈরি করা যাবে।
স্ক্যানিং শুরু হলে ডেস্কটপের পর্দায় বস্তুর আকৃতিতে রেখা দেখা যাবে। কাজ শুরুর ১২ মিনিটের মধ্যে তার অবিকল কপি তৈরি করা যাবে বলে জানিয়েছে মেকারবট।
অক্টোবরে পণ্যগুলো বাজারে ছাড়বে মেকারবট। শুধু স্ক্যানারের দাম ধরা হয়েছে এক হাজার চারশ’ ডলার। এছাড়া মেকারবট রেপ্লিকেটর ২-এর দাম ধরা হয়েছে দুই হাজার দুশ’ ডলার ও মেকারবট রেপ্লিকেটর ২এক্স-এর দাম ধরা হয়েছে ২ হাজার ৮শ’ ডলার।
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক মেকারবটের পণ্য ব্যবহার করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে এবার তাদের লক্ষ্য সাধারণ ক্রেতা।
