স্বীকার করলেন বলমার
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ বলমার স্বীকার করেছেন, মাইক্রোসফট স্মার্টফোনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে।
সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বলমার এ বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট বিনিয়োগকারী এবং গবেষকদের সঙ্গে আলোচনা করেছেন।
বলমার এ প্রসঙ্গে ফোনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে দোষারোপ করেন। তিনি জানান, এখনও প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের বাজারে নিজস্ব ভিত্তি শক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষত এখন নোকিয়ার হ্যান্ডসেট ব্যবসা মাইক্রোসফট কিনে নেওয়ায় উইন্ডোজ ওএস উন্নয়ন নিয়ে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
মোবাইল অপারেটিং সিস্টেমের দিক থেকে মাইক্রোসফট এখন বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। এর উপরে রয়েছে অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বলমার আশা করছেন, এখনও মোবাইল বাজারে মাইক্রোসফটের ঘুরে দাঁড়ানোর মতো সুযোগ রয়েছে।
অবশ্য বলমার কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন, তিনি মাইক্রোসফটের প্রধান নির্বাহীর পদ থেকে অবসর নিচ্ছেন।
