‘টেগরা নোট’ আনছে এনভিডিয়া
গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপ নির্মাতা এনভিডিয়া ‘টেগরা নোট’ নামে ট্যাবলেট ডিভাইস আনার ঘোষণা দিয়েছে।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট বিজিআর ও সিনেট পৃথক প্রতিবেদনে জানিয়েছে, টেগরা ৪ মোবাইল প্রসেসরে নির্মিত ট্যাবলেট কম্পিউটারটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সনে।
সাত ইঞ্চি টেগরা নোটের পর্দার রেজুলিউশন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। এইচডি ডিসপ্লের ডিভাইসটির পেছনে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে একটি এইচডি ওয়েবক্যাম রয়েছে। এছাড়া ব্লুটুথের মাধ্যমে ট্যাবলেটটি গেইম কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যাবে।
টেগরা নোটে ১৬ জিবি অভ্যন্তরীণ মেমোরি ও বাড়তি ডেটা সংরক্ষণে একটি মাইক্রোএসডি স্লট রয়েছে। ডিভাইসটি এনভিডিয়ার ডিরেক্টস্টাইল টেকনোলজি সাপোর্ট করবে। এছাড়া ভিডিও ডেটা পাঠানোর জন্য এইচডিএমআই পোর্ট ও এইচডি অডিও স্টেরিও স্পিকার রয়েছে। ট্যাবটিতে একবার চার্জ দিয়ে ১০ ঘণ্টা এইচডি ভিডিও চালানো যাবে বলে দাবি করেছে এনভিডিয়া।
ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে স্লাইড কভারসহ কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রি করবে এনভিডিয়া। ডিভাইসটির দাম ধরা হয়েছে ১৯৯ ডলার। আগামী কয়েকমাসের মধ্যে ট্যাবটি বাজারে ছাড়ার কথা রয়েছে।
