ডাউনলোড সমস্যায় আইওএস ৭
টেক জায়ান্ট অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৭ ডাউনলোড করতে সমস্যা হচ্ছে ব্যবহারকারীদের।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকাংশ ডাউনলোড হয় ফেইল দেখাচ্ছে, নাহয় পুনরায় ডাউনলোড করার অনুরোধ জানাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ডাউনলোড খুব ধীরগতির।
এ সমস্যার কারণ হিসেবে অ্যাপল জানিয়েছে, আইওএস ব্যবহারকারীদের আগ্রহ এ সমস্যাটির মূল কারণ। প্রতিষ্ঠানটির সার্ভার যত মানুষকে সেবা দিতে পারবে, তারচেয়ে বেশি মানুষ আইওএস৭ ডাউনলোড করতে চাচ্ছে। ফলে সার্ভার এ অতিরিক্ত চাপ নিতে পারছে না। আর এ জন্যই আইওএস ব্যবহারকারীরা সমস্যার শিকার হচ্ছেন।
অ্যাপল এ বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে সিএনএন। সার্ভারের উপর থেকে চাপ কমে গেলেই এ ধরনের সমস্যা আর হবে না। এ জন্য আইওএস ব্যবহারকারীদের একটু ধৈর্য্য ধরতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
