আইইতে নতুন বাগ
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারে নতুন একটি বাগ পাওয়া গেছে। ‘জিরো ডে’ নামে বাগটির জন্য সাময়িক সময়ের জন্য ফিক্স ইট নামের প্যাচ ছেড়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বাগটি ইন্টারনেট এক্সপ্লোরারের প্রায় সব সংস্করণেই ক্ষতি করতে সক্ষম।
মাইক্রোসফট জানিয়েছে, এ বাগটি ব্রাউজার মেমোরির সঙ্গে যুক্ত। বাগটির মাধ্যমে সহজেই সাইবার অপরাধীরা ব্যবহারকারীর কম্পিউটারে ক্ষতিকর কোড পাঠাতে পারবে।
মাইক্রোসফট আরও জানিয়েছে, ইতোমধ্যেই তারা ইন্টারনেট এক্সপ্লোরারের ৮ এবং ৯ নম্বর সংস্করণের মাধ্যমে বাগটির আক্রমণের খবর পেয়েছেন।
এ প্রসঙ্গে নিরাপত্তা সংস্থা ট্রাস্টির পরিচালক ডানা টামির জানিয়েছেন, এটি বেশ গুরুত্বপূর্ণ একটি দুর্বলতা। এর মাধ্যমে লাখো উইন্ডোজ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে।
টামির আরও জানিয়েছেন, মাইক্রোসফটের সাময়িক এই ফিক্স ইট প্যাচ জখমে ব্যান্ড এইড লাগানোর মতো। প্রতিষ্ঠানটির ফিক্স ইট প্যাচটি শুধু ৩২ বিটের সংস্করণের ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য প্রযোজ্য, এমনটাই জানিয়েছে বিবিসি।
