২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেলেও ব্ল্যাকবক্স

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেড্রিক বোস বাইকে স্থাপন করার জন্য তৈরি করেছে রিডি নামের একটি ভিডিও ক্যামেরাসমৃদ্ধ যন্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 03:06 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ডিভাইসটি বাইসাইকেল বা মোটরসাইকেলের পেছনে যুক্ত করে রাস্তার অবস্থা রেকর্ড করা যাবে। এতে অন্যকোনো গাড়ি বাইককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে গেলে, তাকে শনাক্ত করাও সম্ভব হবে।

রিডি ক্যামেরা একবার চার্জ করলে টানা ২৪ ঘণ্টা রেকর্ড করা যাবে। ইউএসবি কেবলের মাধ্যমে পরে ভিডিও রেকর্ড কম্পিউটারে স্থানান্তর করা যাবে। এ ছাড়া কোনো দুর্ঘটনায় ক্যামেরাটি ক্ষতিগ্রস্ত হলে ডিটেকশন সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড চলতে থাকবে। এতে অভিযুক্তকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা সহজ হবে।

ডিভাইসটির সঙ্গে থাকবে চার জিবি ডেটা সংরক্ষণ ব্যবস্থা। এতে এক ঘণ্টা ২৫ মিনিট ভিডিও রেকর্ড করা যাবে। মেমোরির জায়গা পূর্ণ হলে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এবং নতুন করে ভিডিও ফুটেজ নেওয়া চলতে থাকবে।

এ প্রযুক্তি সম্পর্কে নির্মাতা বোস বলেছেন, “কিছুদিন আগে আমার এক বন্ধু মোটরসাইকেল চালানোর সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আর সে গাড়িটিকে খুঁজে পাওয়া যায়নি। এ ধরনের প্রযুক্তি ব্যবহারে রাস্তায় কেউ দুর্ঘটনা ঘটালে সহজেই তাদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা সম্ভব হবে।”

কিকস্টার্টার ওয়েবসাইটের মাধ্যমে যন্ত্রটির জন্য তহবিল সংগ্রহ করতে সফল হয়েছেন নির্মাতা। নভেম্বর বা ডিসেম্বর মাসে ১৫০ ডলার দামে ডিভাইসটি বাজারে ছাড়া হবে।