ট্যাবলেটে সময় পার
ট্যাবলেট কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের চেয়ে সিনেমা দেখে আর গান শুনে ব্যবহারকারীদের বেশি সময় কাটে বলে এক জরিপে উঠে এসেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্যাবলেট ব্যবহারকারীদের ১৫ ভাগ উৎপাদনশীল কাজ যেমন ভিডিও এডিটিং ও ব্লগে লেখার মাধ্যমে সময় কাটান।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ৭২৬ জন ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীর উপর জরিপ চালিয়ে এ তথ্য জানা গেছে।
এদিকে নয় ভাগ মানুষ আবহাওয়ার খবর জানতে ও সংবাদ পড়তে ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে। এছাড়া সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিভিশন দেখতে ও লিভিং রুমের অন্যান্য কার্যকলাপের জন্য সবচেয়ে বেশি ট্যাবলেট ব্যবহৃত হয়।
গার্টনারের প্রধান গবেষক মেইকে এসরিচ বলেছেন, এখন মাল্টিটাস্কিং কম্পিউটারের প্রতি মানুষ বেশি ঝুঁকছে। বেশিরভাগ মানুষ দৈনন্দিন কাজের তুলনায় বিনোদনের জন্য ট্যাবলেট ডিভাইস ব্যবহার করছেন।
জরিপে দেখা গেছে, অ্যাপল ও স্যামসাংয়ের ট্যাবলেট ব্যবহারকারীরা অন্যদের চেয়ে গড়ে প্রতিদিন বেশি সময় ব্যয় করছেন। এর মধ্যে আইপ্যাড ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি ট্যাবলেট ব্যবহার করেন। ৮০ ভাগ আইপ্যাড ব্যবহারকারী দিনে অন্তত ১০ বার ডিভাইসটি চালান।
গার্টনার আরও জানিয়েছে, ব্যবহারকারীরা গড়ে চার ঘণ্টা সময় ব্যক্তিগত কাজে ট্যাবলেট ডিভাইসে সময় কাটায়।
