মহাকাশের আবহাওয়া নির্ণয়ের উদ্যোগ
বেশ অনেক বছর ধরে স্থবির হয়ে থাকা একটি উপগ্রহ প্রকল্প ২০১৫ সালের শুরুর দিকে মহাকাশে উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্পেস ম্যাগাজিনের বরাত দিয়ে ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামে কৃত্রিম উপগ্রহটি মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী খবর পাঠাবে।
এ উপগ্রহটি যে শুধু মহাকাশের আবহাওয়ার খবর জানাবে তাই নয়, একে এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি মহাকাশের আবহাওয়ায় পৃথিবীর জন্য ক্ষতিকর বিভিন্ন বিষয়ে মানুষকে সতর্ক করবে। যেসব দুর্যোগের ফলে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বিমানযাত্রা, উপগ্রহ উৎক্ষেপণ ইত্যাদি বন্ধ হয়ে যেতে পারে, সেসব দুর্যোগের তথ্য এটি আগেই পৃথিবীতে পাঠিয়ে দেবে।
উপগ্রহটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এনওএএ এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ উদ্যোগে ব্যক্তিগত প্রতিষ্ঠান স্পেসএক্স এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। নয় লাখ মাইল দূরত্ব থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে বলে জানা গেছে। এ সম্পূর্ণ প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ডিপ স্পেস ক্লাইমেট অবসারভেটরি বা ডিএসসিওভিআর।
