থ্রিডি প্রিন্টেড আগ্নেয়াস্ত্র এখন জাদুঘরে
‘লিবারেটর’ নামে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি আগ্নেয়াস্ত্র এখন লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে শোভা পাচ্ছে। য্ক্তুরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আইন শিক্ষার্থী কোডি উইলসন বিশ্বের প্রথম ত্রিমাত্রিক আগ্নেয়াস্ত্র তৈরি করেন।
সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জাদুঘরে প্রদর্শনীর জন্য দুটি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে সেগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছে জাদুঘর কর্তৃপক্ষ।
কোডি উইলসন মে মাসে এ আগ্নেয়াস্ত্রের নকশা ইন্টারনেটে প্রকাশ করেন। ওয়েবসাইট থেকে থ্রিডি প্রিন্টার তৈরির তথ্য নিয়ে যে কেউ ঘরে বসে নিজের জন্য থ্রিডি প্রিন্টারে আগ্নেয়াস্ত্র তৈরি করতে পারবে বলে জানিয়েছে সিএনএন।
অস্ত্রটির ডিজাইন করার পর ওইয়ার্ড ম্যাগাজিনের তালিকায় উইলসনকে বিশ্বের ১৫ জন বিপজ্জনক মানুষের মধ্যে একজন হিসেবে বলা হয়েছে। গুলি চালানোয় সাফল্যের পর মে মাসে যুক্তরাষ্ট্র সরকার অস্ত্রটির ডিজাইন হস্তান্তর নিষিদ্ধ করেছে।
ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তির দুকপি ‘লিবারেটর’ সংগ্রহ করেছে। একটি পিস্তলের যন্ত্রাংশগুলো আলাদা করে ও অন্যটি সংযোজিত অবস্থায় প্রদর্শনীতে রাখা হয়েছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইলসন বলেন, “ত্রিমাত্রিক ডিজাইনে তৈরি আগ্নেয়াস্ত্র ভিন্ন ডিজাইনে তৈরি হওয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে।”
তবে এখনও একে প্রাথমিক পর্যায়ের আগ্নেয়াস্ত্র বলেই মনে করছেন উইলসন।
