২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকার-এনএসএ চুক্তি হয়েছিল

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ফ্রান্সের হ্যাকিং টুলস সরবরাহকারী প্রতিষ্ঠান ভুপেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ২০১২ সালে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় সংবাদমাধ্যম মাকরকের অনুরোধে এ সংক্রান্ত তথ্য ও নথি প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 05:17 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

এনএসএ হ্যাকিং প্রতিষ্ঠান ভুপেনের সঙ্গে এক বছর মেয়াদী চুক্তি করেছিল। তবে ঠিক কী তথ্য বের করার জন্য গোয়েন্দা সংস্থাটি হ্যাকারদের সঙ্গে হাত মিলিয়েছিল, তা জানা যায়নি। এমনকি ভুপেন তাদের সেবার বিনিময়ে কী পরিমাণ অর্থ পেয়েছে, তাও অজানা রয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

এ প্রসঙ্গে ভুপেনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান গবেষক চাউকি বেক্রার জানিয়েছেন, তাদের সেবার প্রধান উদ্দেশ্য হল তাদের গ্রাহকদের সিস্টেমকে নিরাপদ রাখা।

তবে বেক্রার এনএসএর সঙ্গে ভুপেনের আবার চুক্তি হয়েছে কি না বা এনএসএ কী পরিমাণ অর্থ ভুপেনকে দিয়েছে, এসব তথ্য জানাতে অসম্মতি প্রকাশ করেন। তিনি উত্তরে শুধু জানিয়েছেন, এ ধরনের তথ্য বেশ গোপনীয়।

এ বিষয়ে এনএসএ কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ম্যাশএবল।