২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে এমহ্যাকস

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগান এ সপ্তাহে আয়োজন করেছে বার্ষিক হ্যাকিং সম্মেলন ‘এমহ্যাকস’। এমআইটি, ক্যালটেক, স্ট্যানফোর্ড, হার্ভার্ডসহ বিভিন্ন নামকরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন এমহ্যাকসে অংশগ্রহণ করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 04:37 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের এবারের লক্ষ টানা ৩৬ ঘণ্টা হ্যাকাথনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া।

এটি প্রধানত একটি কোডিং সম্মেলন। তবে এমহ্যাকসকে গিনেস রেকর্ডে স্থান করে নেওয়ার জন্য ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হ্যাকাথন পিনঅ্যাপের রেকর্ড ভাঙতে হবে। গত সপ্তাহে অনুষ্ঠিত ওই হ্যাকাথনে এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল। এখন পর্যন্ত ওই আয়োজনটিই বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন বলে জানিয়েছে ম্যাশএবল। এমহ্যাকস আয়োজকরা জানিয়েছেন, আরও কয়েকশ’ অংশগ্রহণকারীর মাধ্যমে তারা প্রতিদ্বন্দ্বীদের হারাবেন।

এমহ্যাকসের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ বহন করছে ফেইসবুক, গুগলসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠান।

এমহ্যাকসের পরিচালক এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র টমাস আর্ডম্যান জানিয়েছেন, স্থানসংকুলানের সমস্যা না থাকলে সারা বিশ্ব থেকে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেত।