২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল অবিচ্ছিন্ন আঙুলেই আইফোন আনলক

টেক জায়ান্ট অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন আইফোন ৫এস আনলক করার জন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রশ্ন উঠেছে, ছিনতাইকারী যদি আইফোনের সঙ্গে ফোন মালিকের আঙুলটিও কেটে নেয়?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:11 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

স্বস্তির খবর জানাচ্ছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম।

ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল সেন্সরটি এমনভাবে তৈরি করেছে যে, ‘জ্যান্ত’ আঙুল ছাড়া আইফোন ৫এস আনলক করা যাবে না। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে আঙুল হাতের সঙ্গে যুক্ত থাকতে হবে বলে জানিয়েছে অ্যাপল।

সম্প্রতি অ্যাপল নতুন আইফোন ৫এস স্মার্টফোনে হাই টেক বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। এতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটির সেন্সর নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন ব্যবহারকারীরা।

অনেকের ধারণা হয়েছিল, অপরাধীরা ফোনটি ছিনিয়ে নেওয়ার সময় তা ব্যবহারের জন্য ব্যবহারকারীর আঙ্গুল কেটে নেওয়ার মতো নৃশংস অপরাধ বাড়তে পারে।

এ শঙ্কা উড়িয়ে দিয়েছেন অ্যাপলের নিরাপত্তা বিশ্লেষকরা। অ্যাপলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ভেলিডিটি সেন্সরের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেবাসটাইন ট্যাভিউ জানিয়েছেন, রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানিং পদ্ধতিতে ফোন আনলক করতে হাতের সঙ্গে আঙুল যুক্ত থাকতে হবে। মৃত মানুষের বা হাতের কাটা আঙ্গুল দিয়ে স্মার্টফোনটি আনলক করা যাবে না।