২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর স্মার্টফোন বানাবে না ডেল

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান মাইকেল ডেল কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সিএনবিসি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যতে আর স্মার্টফোন বানাবে না ডেল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর এক প্রতিবেদনে জানিয়েছে, ট্যাবলেট ডিভাইস ও পার্সোনাল কম্পিউটারের জন্য বিভিন্ন সেবা নিয়ে কাজ করবে ডেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:23 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ডেল বলেন, “আমরা ট্যাবলেট ডিভাইস তৈরির পাশাপাশি ইন্টারনেটে ডেটার নিরাপত্তা নিয়ে কাজ করব। ভবিষ্যতে আমাদের আর স্মার্টফোন বানানোর ইচ্ছে নেই।”

বিশ্ববাজারে পার্সোনাল কম্পিউটারের চাহিদা কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের যে সেবাগুলো রয়েছে, তা পড়তি বাজারেও প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। এ ধরনের পরিস্থিতিতে প্রবৃদ্ধির দিক দিয়ে এখনও আমরাই এগিয়ে আছি।”

এখন ট্যাবলেট ডিভাইস ও পার্সোনাল কম্পিউটারের জন্য ‘ক্লাউড ক্লায়েন্ট কম্পিউটিং’ নিয়ে কাজ করবে ডেল। প্রযুক্তির উদীয়মান প্রবণতায় ক্লায়েন্টদের জন্য নিজস্ব ক্লাউড সিস্টেম উন্নয়নের এ সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য সার্ভার ও স্টোরেজ ব্যবস্থার চাহিদা বাড়ছে। সে সেবাগুলো দেবে বলে জানান তিনি।