অ্যান্ড্রয়েডে আসছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার
২০ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে চালু হতে পারে ব্ল্যাকবেরি মেসেঞ্জার। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও পকেট লিন্ট পৃথক প্রতিবেদনে জানিয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে শীঘ্রই অ্যাপটি চালু হবে।
সবার আগে এ সুবিধা পাবে ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং। নাইজেরিয়ায় তিন মাসের জন্য স্যামসাং স্মার্টফোনে এটি পরীক্ষামূলক ব্যবহার করা হবে। তিনমাস পর সব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে মেসেঞ্জারটি চালু হবে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
ব্ল্যাকবেরির যোগাযোগ পরিচালক ভিক্টোরিয়া বেরি এক বিবৃতিতে বলেছেন, “অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ব্ল্যাকবেরি মেসেঞ্জার যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস-এর মাধ্যমে বিশ্বব্যাপী অ্যাপটি ছড়িয়ে দেওয়া হবে।”
২০ সেপ্টেম্বর নাইজেরিয়ায় মেসেঞ্জারটি আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে ব্ল্যাকবেরি। ধারণা করা হচ্ছে এ অনুষ্ঠানে ব্ল্যাকবেরি জেড ৩০ স্মার্টফোন অবমুক্ত করা হবে।
