ইরানে খুলল ফেইসবুক ও টুইটার
প্রায় চার বছর বন্ধ থাকার পর ইরানে আবার খুলে দেওয়া হয়েছে সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক এবং মাইক্রোব্লগিং সাইট টুইটার। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ২০০৯ সালের গ্রিন রেভুলিউশনের পর এবারই আবার সামাজিক যোগাযোগ সাইট দুটি ইরান থেকে দেখা যাচ্ছে।
তবে ফেইসবুক এবং টুইটারের উপর থেকে ব্লক সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারি কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি বলে জানিয়েছে ম্যাশএবল। সোমবার দেশটির বেশকিছু অংশে হঠাৎ করেই দেখা যায় ফেইসবুক এবং টুইটার চলছে। এ বিষয়টি নিয়ে ইরানিরা বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছে ম্যাশএবল।
দেশটিতে এতদিন সামাজিক যোগাযোগ সাইটগুলো বন্ধ থাকলেও ইরানের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফেইসবুক ব্যবহার করছেন ডিসেম্বর থেকে। এ ছাড়াও তিনি ইনস্টাগ্রাম ব্যবহার করছেন ২০১২ সালের অগাস্ট মাস থেকে।
এমনকি ইরানের নবনির্বাচিত রাষ্ট্রপতি হাসান রৌহানি দেশটির ইন্টারনেট সেন্সরশিপকে অকার্যকর মন্তব্য করে টুইটার ব্যবহার শুরু করেন। কিছুদিন আগে তার টুইটার অ্যাকাউন্টটি ভেরিভাইডও করা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে বেশকিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল সে সময়।
