পাসওয়ার্ডের বিকল্পের খোঁজে
পাসওয়ার্ডসংক্রান্ত ঝামেলা এড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করে দেখছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সার্চ জায়ান্ট গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান পাসওয়ার্ডের বিকল্প পদ্ধতি নিয়ে গবেষণা করছে।
গুগল এ বিষয়ে টোকেন প্রযুক্তি ব্যবহার করে দেখছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ইউবিকো ইনকরপোরেট গুগলকে বিশেষ এক ইলেকট্রনিক টোকেন তৈরি করে দিয়েছে, যা ইউএসবি পোর্ট অথবা মোবাইলে সংরক্ষণ করা যাবে। ডিভাইসটি ইউএসবি পোর্টের সংযোগ বা মোবাইলের স্পর্শ পেলে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠানটি এ বছর পাসওয়ার্ডের প্রযুক্তিটি পরীক্ষা করে দেখছে। পরীক্ষা সফল হলে, আগামী বছর গুগল গ্রাহকদের জিমেইল এবং অন্যান্য সেবায় পাসওয়ার্ডের বিকল্প হিসেবে এটি ব্যবহারের সুযোগ করে দেবে।
অন্যান্য প্রতিষ্ঠানও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দেখছে। এমনকি লেনোভো, পেপাল ইত্যাদি প্রতিষ্ঠান পাসওয়ার্ডসংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য এফআইডিও নামে একটি সম্মিলিত জোট পর্যন্ত গঠন করেছে।
