সৌরশক্তিতেই চলবে ওভেন
সৌরশক্তিকে রান্নার কাজে লাগাতে টিউব আকৃতির বহনযোগ্য, সৌরশক্তিচালিত ওভেন তৈরি করেছে গোসানটেক নামে একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ জানিয়েছে, ওভেনের সোলার টিউবে একটি গ্লাসের মাধ্যমে সূর্যের আলো পড়ে।
সূর্যালোক কাজে লাগিয়ে এ চুলোয় মাত্র ১০ মিনিটে রান্না করা যাবে। এ ডিভাইসটি দিয়ে মেঘলা দিনেও রান্না করা যাবে বলে জানিয়েছে নির্মাতারা।
রান্নার জন্য ২০০ ডিগ্রি থেকে ৫৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন। ওভেনটির ভেতর ৭০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রার রেকর্ড গড়েছে নির্মাতারা। সূর্যের আলোতে ওভেনটি দিয়ে একসঙ্গে ছয়টি হটডগ তৈরি করতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।
ভাঁজ করা অবস্থায় দুই ফুট দৈর্ঘ্য ও আড়াই ইঞ্চি প্রস্থের ওভেনটিতে একটি স্লাইডিং ট্রে রয়েছে। তাপরোধী একটি হাতলের সাহায্যে ট্রে খোলা ও লাগানো যাবে। এতে একসঙ্গে দেড় কেজি পরিমাণ খাবার রান্না করা যাবে।
কোথাও বেড়াতে গেলে টিউব আকৃতির সোলার ওভেন কাঁধ ব্যাগের মতো ঝুলিয়ে সঙ্গে নেওয়া যাবে। এছাড়া এতে বেভারেজ ও ডিম সেদ্ধসহ কোনোকিছু ভাজা, সিদ্ধ ও রান্না করা যাবে।
ডিসেম্বরে ওভেনটি বাজারজাত করা হবে। দুই বছরের ওয়ারেন্টিসহ ওভেনটির দাম ধরা হয়েছে ২৮০ ডলার। গোসানমিনি নামে ছোট আকৃতির ওভেনও বাজারে আনবে নির্মাতারা, যার দাম ধরা হয়েছে ৮০ ডলার।
