২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ উদ্যোক্তা সৃষ্টি কর্মশালা

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে ‘তরুণ উদ্যোক্তা সৃষ্টি’-শীর্ষক দিনব্যাপী কর্মশালা ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “উদ্যোক্তা হতে হলে প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার মনোবল থাকতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না।”

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “এ বছর দেশের তথ্যপ্রযুক্তিখাতে রপ্তানি ১০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং বেসিস বর্তমানে এক বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।”

দেশে তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা তৈরির মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি মো. সবুর খান।

কর্মশালাটি তিনটি পৃথক অধিবেশনে আয়োজিত হয়। প্রথম অধিবেশনে ব্যারিস্টার কাজী রেহান নবী ও অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ব্যবসা শুরু করার বিভিন্ন আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় অধিবেশনে ব্যবসা পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনাইদ খান। ‘কেন উদ্যোক্তা হব’ শিরোনামে শেষ অধিবেশনটি পরিচালনা করেন ফিউচার লিডারস এর প্রতিষ্ঠাতা কাজী এম. আহমেদ।