ব্যবহৃত আইপ্যাড কিনছে মাইক্রোসফট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, ট্যাবলেট ডিভাইসের বাজারে ভালো অবস্থানে আসার জন্য যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে নতুন বাজারজাতকরণ প্রস্তাব এনেছে। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটি ট্যাবলেট ব্যবহারকারীদের পুরনো আইপ্যাডের বদলে নতুন সারফেস ট্যাবলেট নেওয়ার সুযোগ করে দিচ্ছে।
তবে মাইক্রোসফটের এ অফার একেবারে বিনামূল্যে নয়। পুরনো আইপ্যাডের মাধ্যমে কমপক্ষে ২০০ ডলারের টোকেন সংগ্রহ করে মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট বদলে নেওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এতে মাইক্রোসফট নির্মিত ট্যাবলেট সারফেস প্রো বা সারফেস আরটি, যে কোনোটাই বেছে নিতে পারবেন আগ্রহীরা।
মাইক্রোসফটের এ উদ্যোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের একজন গবেষক সন্দেহ প্রকাশ করেছেন। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের মোবাইল ডিভাইস গবেষক ভ্যান বেকার জানিয়েছেন, মানুষ কখনও আইপ্যাডের বদলে মাইক্রোসফটের ট্যাবলেট নিতে চাইবে না। কারণ আইপ্যাডে এমন অনেক সুবিধা রয়েছে, যা মাইক্রোসফটের ট্যাবলেটে নেই।
অন্যদিকে বিশ্বে ট্যাবলেট বিক্রির ক্ষেত্রে টেক জায়ান্ট অ্যাপল এখনও মাইক্রোসফটের চেয়ে বেশ এগিয়ে আছে।
