সমালোচনার মুখে অ্যাপল
টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন ৫সির দাম নিয়ে ওয়াল স্ট্রিটে সমালোচনা হচ্ছে। প্রতিষ্ঠানটির একজন বিনিয়োগকারী মন্তব্য করেছেন, অ্যাপলের ফোনের দাম চীনের মতো উঠতি বাজারের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যও হ্রাস পেয়েছে।
বাজার গবেষকরা জানিয়েছেন, বেশি দামের কারণে অ্যাপল এশিয়ার বাজারে আধিপত্য সৃষ্টির সুযোগ হারাচ্ছে। কিন্তু এশিয়ার মোবাইল ফোন বাজারে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এবং চীনের হুয়াউয়েই অ্যাপলের তুলনায় নিজেদের অনেকটাই প্রতিষ্ঠিত করে ফেলেছে।
অ্যাপলের ‘সস্তা’ আইফোন ৫সির মূল্য চীনের বাজারে ধরা হয়েছে ৭৩০ ডলার। কিন্তু অধিকাংশ চীনার গড় মাসিক আয় এর কম। বর্তমানে চীনের মোবাইল ফোনের বাজারে সবচেয়ে সস্তা স্মার্টফোন হচ্ছে সিয়াওমি, যার মূল্য প্রায় একশ’ ডলার।
এমনকি অ্যাপলের আইফোন ৫এস নিয়েও হতাশা প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট। তাদের ধারণা, প্রতিষ্ঠানটির সৃজনশীল দিন এখন শেষের দিকে। আইফোন ৫এস-এ নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কিন্তু গবেষকদের মতে, স্মার্টফোন বাজারে জেতার জন্য শুধু এটুকুই যথেষ্ট নয়।
