শরীর যখন শব্দের মাধ্যম
সম্প্রতি ওয়াল্ট ডিজনির গবেষণা বিভাগ ডিজনি রিসার্চ তাদের উদ্ভাবিত নতুন ইশিন-ডেন-শিন অডিও সিস্টেম প্রদর্শন করেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডিজনির তৈরি এ প্রযুক্তি মানুষের শরীর ব্যবহার করে শব্দ প্রেরণ করতে সক্ষম।
ইশিন-ডেন-শিন প্রযুক্তিটি আওয়াজ রেকর্ড করার সময় সাধারণ মাইক্রোফোন ব্যবহার করে। রেকর্ড করার পর যন্ত্রটি শব্দকে শোনা যায় না, এমন তরঙ্গে রূপান্তরিত করে মাইক্রোফোন হাতে যে ব্যক্তিটি থাকেন, তার শরীরের মাধ্যমে প্রেরণ করে। এভাবে আঙুল ও কান একত্রে একটি শারীরিক স্পিকারের মতো কাজ করে।
এ পরিস্থিতিতে যে ব্যক্তির মধ্য দিয়ে শব্দ প্রেরিত হচ্ছে, তিনি অন্য কাউকে স্পর্শ করে শোনাতে পারবেন। এর কারণ হিসেবে জানা গেছে, যখন আওয়াজ প্রেরণ করা হচ্ছে এমন ব্যক্তিকে দ্বিতীয় কোনো ব্যক্তি স্পর্শ করেন, তখন তিনিও আওয়াজটি শোনেন। এ পদ্ধতিতে শুধু কান নয় যে কোনো অঙ্গে স্পর্শের মাধ্যমে আওয়াজ শোনা সম্ভব বলে জানিয়েছে বিবিসি।
