আসছে প্লেস্টেশন ভাইটা ২০০০
গেইমিং কনসোল প্লেস্টেশনের নতুন সংস্করণ ‘পিএস ভাইটা ২০০০’ উন্মোচন করেছে ইলেকট্রনিক পণ্যনির্মাতা সনি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টোকিও গেইম শোতে প্রতিষ্ঠানটি গেইমিং কনসোলের হাতে বহনযোগ্য নতুন সংস্করণটি সবার সামনে নিয়ে আসে।
গেইমিং কনসোলটির নতুন সংস্করণ আগের সংস্করণ থেকে ২০ শতাংশ পাতলা এবং ১৫ শতাংশ হালকা বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়াও ছয়টি ভিন্ন রংয়ে পাওয়া যাবে এ গেইমিং কনসোলটি। এর ব্যাটারি ছয় ঘণ্টা পর্যন্ত একে চালিয়ে নিতে সক্ষম, এমনটাই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সনি।
নতুন প্লেস্টেশনটির অভ্যন্তরীণ মেমোরি এক গিগাবাইট। তবে ব্যবহারকারীদের জন্য নির্মাতা প্রতিষ্ঠান সনি ৬৪ গিগাবাইটের মেমোরি কার্ড ব্যবহারের ব্যবস্থাও রাখছে কনসোলটিতে।
গেইমিং কনসোলটি অক্টোবর মাসের ১০ তারিখে বিক্রির জন্য জাপানে ছাড়া হবে। তবে কনসোলটি অন্যান্য দেশগুলোতে কবে ছাড়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি সনি।
