ভার্জিন মিডিয়ায় নেটফ্লিক্স ভিডিও
ভার্জিন মিডিয়া তাদের টিভো সেট-টপ বক্স ব্যবহারকারীদের কাছে নেটফ্লিক্সের ভিডিও স্ট্রিমিং সেবা পৌঁছে দেবে। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভার্জিন মিডিয়া নেটফ্লিক্সের এ সেবাটি তাদের ৪০ হাজার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।
ভার্জিন মিডিয়া জানিয়েছে, তাদের পরিকল্পনা রয়েছে বছরের শেষ নাগাদ নেটফ্লিক্সের এ অ্যাপটি তাদের ১৭ লাখ টিভো গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার।
এন্ডার্সের গবেষক টবি সাইফ্রেট বিষয়টিকে দুই পক্ষই জিতেছে এমন দৃষ্টিতে দেখছেন। তিনি জানিয়েছেন, এ জোট বাঁধার ফলে ভার্জিন মিডিয়া অনেক কনটেন্টের সেবা তার গ্রাহকদের দিতে পারবে, আর নেটফ্লিক্স এ জোট বাঁধার সুবাদে যুক্তরাজ্যে তাদের অনেক দর্শক পাবে।
এ প্রসঙ্গে আরেকজন মিডিয়া গবেষক জানিয়েছেন, দুটি প্রতিষ্ঠানের এ ব্যবসায়িক জোট দুটি প্রতিষ্ঠানেরই অবস্থান শক্ত করবে।
