পেশাজীবীদের জন্য প্যানাসনিকের টাফপ্যাড
পেশাজীবীদের জন্য বিশ্বের প্রথম ৪কে প্রযুক্তির ২০ ইঞ্চি স্ক্রিনের ট্যাবলেট কম্পিউটার ‘টাফপ্যাড’এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্যানাসনিক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল ও পিসিম্যাগ জানিয়েছে, ট্যাবলেট কম্পিউটারটি স্থপতি, গ্রাফিক ডিজাইনার ও মিডিয়া প্রফেশনালদের কাজ সহজ করবে।
প্রযুক্তিপণ্য নির্মাতাদের সম্মেলন ‘আইএফএ বার্লিন ২০১৩’-এ ট্যাবলেটটির বিভিন্ন ফিচার দেখিয়েছে প্যানাসনিক। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের টাফপ্যাডটি দিয়ে প্রকৌশলীরা কম্পিউটার এইডেড ডিজাইন (ক্যাড) ও থ্রিডির কাজ করতে পারবেন। এ ছাড়া গ্রাফিক ডিজাইন, স্থাপত্য ও মিডিয়া পেশায় নিয়োজিত পেশাজীবীরা দাপ্তরিক কাজও করতে পারবে বলে জানিয়েছে প্যানাসনিক।
ট্যাবলেটটির স্ক্রিন ৩,৮৪০ বাই ২,৫৬০ পিক্সেল রেজুলিউশনের। এছাড়া ডিভাইসটির সঙ্গে থাকছে টাচ পেন। প্যানাসনিক দাবি করেছে, এটি অন্যান্য ট্যাবলেট পেনের তুলনায় বেশি কার্যকর।
এছাড়া এতে থাকছে ইনটেল কোর আই৫ ভিপ্রো প্রসেসর, ৮জিবি মেমোরি, এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স এবং ২৫৬ জিবি তথ্য সংরক্ষণ ব্যবস্থা। পাঁচ পাউন্ড ওজনের ট্যাবলেটটিতে ইউএসবি ৩.০ এবং এসডি কার্ড স্লট, হেডফোন জ্যাক, স্মার্টকার্ড রিডার ছাড়াও ইথারনেট সংযোগ ব্যবহার করা যাবে।
ছয় হাজার ডলার দামে ট্যাবলেটটি নভেম্বরে বাজারে আসবে।
